বোনদের জন্য গর্ভকালীন ইবাদত লিস্ট
একজন নারী নিজের শরীরের ভেতরে আরেকটি প্রাণ বহন করেন গর্ভাবস্থায়। গর্ভে সন্তান আসা নারীর জন্য বোঝা নয়, বরং সম্মান ও সৌভাগ্যের। এ সময়ে দুর্বলতা, বমি, ক্লান্তি, অনিদ্রা- সবকিছু সহ্য করেন।
নিজের শরীর, রক্ত, ঘুম, স্বাচ্ছন্দ্য- সবকিছু বিলিয়ে দিয়ে একটি নতুন জীবন লালন করেন। গর্ভকালীন এই ত্যাগকে ইসলাম অবহেলা করে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা নিয়ত অনুযায়ী প্রতিদান দেন।
গর্ভাবস্থায় বলতে গেলে অধিকাংশ রুটিন এলেমেলো হয়ে যায়। ইবাদতেও এর প্রভাব পড়ে।
রমাদান এলে অনেক গর্ভবতী বোনের মনে প্রশ্ন জাগে—
আমি কি রোজা রাখতে পারবো?
না পারলে কি গুনাহ হবে?
আমার ইবাদত কি কমে যাবে?
এই প্রশ্নগুলোর উত্তর ইসলাম অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে দিয়েছে।
রমাদান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। কিন্তু একজন গর্ভবতী নারীর জন্য এ সময়টা আলাদা এক বাস্তবতা নিয়ে আসে। গর্ভাবস্থায় ইবাদত নিয়ে যারা মন খারাপ করেন বা চিন্তিত থাকেন তাদের জন্যই এ লেখা—
❑ রোজা রাখা না রাখার বিধান:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
গর্ভবতী নারী যদি শারীরিক ও মানসিক ভাবে সুস্হ থাকেন তবে রোজা রাখতে পারেন। আর যদি নিজের বা সন্তানের ক্ষতির আশঙ্কা করেন, তাহলে তিনি রোজা না রাখার অনুমতি পান। পরে কাযা আদায় করে নিতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা বলেন—
"আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না।"
(সূরা আল-বাকারা, আয়াত ১৮৫)
ফিকহবিদগণ গর্ভবতী ও দুধদানকারী নারীকে প্রয়োজনে এ বিধানের অন্তর্ভুক্ত করেছেন।
এখানে অপরাধবোধের কিছু নেই। নিজের শরীর ও অনাগত সন্তানের হিফাজত করা ও আমানত রক্ষা করা।
❑ গর্ভের সন্তান ও কুরআনের প্রভাব:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
গর্ভের শিশু মায়ের সাথে গভীরভাবে সংযুক্ত থাকে।
মায়ের আবেগ, কণ্ঠ, পরিবেশ- সবকিছু গর্ভস্হ শিশু অনুভব করে। মানব দেহে রূহ ফুঁকা হয় ১২০ দিন বয়সে। তাই নিয়মিত কুরআন তিলাওয়াত করা অথবা শোনা, যিকির করা- এগুলো শুধু মায়ের অন্তরকে শান্ত করে না; সন্তানের উপরও ইতিবাচক প্রভাব ফেলে।
গর্ভাবস্থায় কুরআন বেশি সময় নিয়ে বা একদমই পড়তে না পারলে মুখস্থ সূরাগুলো মনে মনে না পড়ে বাচ্চা যেন শুনতে পারে এভাবে পড়ুন। আর কুরআন তিলাওয়াত শোনার চেষ্টা করবেন। কুরআন তিলাওয়াত শোনা অন্তরকে শান্ত করে, ঘরে বরকত ও রহমতের পরিবেশ সৃষ্টি করে, এবং শয়তানের কুমন্ত্রণা দূরে রাখার মাধ্যম হয়।
❑ ইবাদতে সহজতা:
▬▬▬▬▬▬▬▬▬▬☞
গর্ভাবস্হায় কষ্ট হলেও নামাজ পড়তে হবে। এ সময় নামাজ মাফ হওয়ার কারণ নয়। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন মুসলিম নারীর উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজই থাকবে, যতক্ষণ না এমন শারীরিক অক্ষমতা আসে যে দাঁড়ানো সম্ভব হয় না।
গর্ভাবস্থায় একজন নারীর শরীরের অবকাঠামো ও অবস্থা পরিবর্তিত হয়ে যায়। অনেকের ক্ষেত্রে পেটে চাপ সৃষ্টি হয় এমন কোনো কাজ করার সক্ষমতা থাকে না।
শরীর ভারী হয়ে যাওয়ায় এ সময় অনেকের নামাজ পড়তে কষ্ট হয়।
তাই গর্ভাবস্থায় নারীরা অসুস্থ ব্যক্তির বিধানের মতো নামাজ আদায় করবেন। অর্থাৎ নিজের শক্তি ও সামর্থ্য অনুযায়ী যেভাবে সম্ভব, সেভাবেই আদায় করবেন।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
“তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো; যদি তা সম্ভব না হয়, তবে বসে পড়ো; আর যদি তাও সম্ভব না হয়, তবে
শুয়ে সালাত আদায় করবে।
(সহীহ বুখারী, হাদিস:১১১৭)
এ সময়ে সিজদা দিতে কষ্ট হলে সম্ভব হলে হাত মাটিতে রেখে তার ওপর সিজদা করবেন। নতুবা হাত সামনে রেখে যতটুতু ঝুঁকতে পারে ততটুকু ঝুঁকে ইশারায় সিজদা করবেন। খেয়াল রাখতে হবে যে, সিজদার সময় রুকুর তুলনায় কিছুটা বেশি ঝুঁকতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা অসুস্থ ও দুর্বল বান্দার জন্য দ্বীনের বিধান সহজ করে দিয়েছেন।
❑ কষ্টের মুহূর্তে সওয়াবের আশা:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
গর্ভাবস্থায় শারীরিক অস্বস্তি, বমি, দুর্বলতা, পিঠব্যথা, অনিদ্রা- এসব সমস্যায় অনেকের অনেক কষ্ট হয়। সব মিলিয়ে মন হয়ে যায় খুব সংবেদনশীল। তাই এ সময় নিজেকে বারবার মনে করিয়ে দিতে হবে এসব কষ্ট স্বাভাবিক। এসব কষ্ট আল্লাহ জানেন বলেই কুরআনে বলেছেন,
“তার মা তাকে কষ্টের উপর কষ্ট সহকারে গর্ভে ধারণ করেছে…”
(সূরা লুকমান,আয়াত:১৪)
আর এ কষ্টগুলো সবর করে সহ্য করে গেলে এর বিনিময়ে আল্লাহ উত্তম প্রতিদান দেবেন। গর্ভকালীন কষ্ট গুনাহ মাফেরও মাধ্যম হতে পারে। গর্ভধারণ, সন্তান লালনের প্রস্তুতি—যদি আল্লাহর সন্তুষ্টির নিয়তে হয়, তাহলে সেটিও ইবাদত হয়ে যায়।
❑ কুরআন ও হাদীসে মায়ের মর্যাদা:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
গর্ভকালীন সময়ে এবং সন্তান জন্মের পর নারীকে বিভিন্ন ধরনের কষ্ট ভোগ করতে হয় বলেই ইসলামে মায়ের মর্যাদা সর্বাধিক। কুরআনে সূরা লুকমানে আল্লাহ মায়ের গর্ভধারণ ও প্রসবের কষ্ট বিশেষভাবে উল্লেখ করেছেন। হাদীসেও এর স্পষ্ট উল্লেখ আছে।
এক ব্যক্তি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করলেন, “আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে?”
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, “তোমার মা”, তারপর বললেন, “তোমার বাবা”
(সহীহ বুখারি ৫৯৭১; সহীহ মুসলিম ২৫৪৮)।
মায়ের মর্যাদার কথা প্রথম তিনবার এসেছে। মায়ের পায়ের নীচে জান্নাত বলা হয়েছে। জান্নাত তো সহজে পাওয়ার কোন বিষয় নয় বোনেরা। সন্তানের জন্য অনেক ধরনের শারীরিক, মানসিক তীব্র কষ্ট সহ্য করতে হয় বলেই মায়েদের এ সর্বোচ্চ মর্যাদা।
কষ্ট একটি বড় কারণ, কিন্তু এর সাথে আছে লালন-পালন, দয়া, ত্যাগ, নিঃস্বার্থ ভালোবাসা এবং সন্তানের প্রতি অবিরাম দায়িত্ব। এই সব মিলিয়েই মায়ের মর্যাদা এত উঁচু হয়েছে।
❑ অপরাধবোধ নয়, আল্লাহর উপর ভরসা:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
অনেক গর্ভবতী বোন মনে করেন-
“আগের মতো তাহাজ্জুদ বা তারাবি পড়তে পারছি না।”
“দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারছি না।”
“রোজা রাখতে পারছি না।”
কিন্তু মনে রাখতে হবে-
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা প্রত্যেক বান্দার সামর্থ্য জানেন। তিনি বলেন-
“আল্লাহ কারও উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপান না।”
(সূরা আল-বাকারা, আয়াত: ২৮৬)
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
“তোমরা যা করতে সক্ষম, তা-ই কর।”
(সহীহ বুখারি ৭২৮৮)
❑ এ সময়ের জন্য কিছু সহজ আমল:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
এখানে কয়েকটি খুব সহজ কিন্তু শক্তিশালী আমল দিচ্ছি, এগুলো করতে সময় বেশি লাগে না, বসে বা শুয়ে থেকেও করা যায়।
❂ যিকির:
১. আলহামদুলিল্লাহ
২. সুবহানাল্লাহ
৩. লা ইলাহা ইল্লাল্লাহ
৪. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
❂ ইস্তিগফার:
১. আসতাগফিরুল্লাহ
২. আসতাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি
৩. আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউ্যুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি
❂ দরুদ:
১. আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ
২. আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
❂ পুরো কুরআনই রহমত, বরকত, শিফা ও প্রশান্তির মাধ্যম। ছোট সূরার মধ্যে সূরা ইখলাস কুরআনের এক-তৃতীয়াংশের সমান। এছাড়া দশবার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটি ঘর তৈরি হবে আপনার জন্য। রমাদানে এটি নিয়মিত পড়া সহজ একটি আমল হতে পারে।
❂ সব কাজ বিসমিল্লাহ বলে শুরু করবেন।
❂ সহজে আযানের উত্তর দিতে পারেন।
❂ যেকোনো কাজ যথাসাধ্যভাবে সুন্নাহ পালন করে করার চেষ্টা করতে পারেন ইনশাআল্লাহ।
❑ গর্ভকালীন সময়ে নিজের জন্য দু’আ:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
অন্যান্য ইবাদত কিছুটা কষ্টকর হলেও সহজ যিকিরের মতো দুআও উঠতে বসতে, হাঁটাচলা করতে সবসময় করা যায়। তাই এ সময়ে নিজের জন্য এমন কিছু দুআ করতে পারেন -
১. হে আল্লাহ, আপনি তো আশ- শাফি; সবধরনের সুস্হতা দান করেন। আপনি আমাকে সুস্থ রাখুন এবং আমার সন্তানের হেফাজত করুন।
২. হে আমার রব, আপনি তো আল- মুমিন, আল- মুহায়মিন; আপনি বান্দাকে সব ধরনের বিপদাপদ থেকে রক্ষা করেন, নিরাপত্তা দেন। আপনি আমার গর্ভকাল সময়কে সহজ করে দিন এবং আমাকে নিরাপদ প্রসব দান করুন।
৩. হে আল্লাহ, আপনি তো আস- সবুর; আপনি বান্দাদেরকে কষ্ট সহ্য করার ক্ষমতা দেন, ধৈর্য ধরে থাকতে সাহায্য করেন। আপনি এই সময় আমাকে সবর ও মানসিক শক্তি দিন।
৪. হে আমার রব, আপনি আমার কষ্টকে আমার গুনাহের কাফফারা এবং সওয়াবের কারণ বানিয়ে দিন। আমীন।
❑ অনাগত সন্তানের জন্য বিশেষ দুআ:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
রমাদান দুআ কবুলের মাস। তবে দুআ কবুলের নিশ্চয়তা দিয়ে কিছু বিশেষ সময়ের কথা উল্লেখ আছে। ইফতারের আগে, তাহাজ্জুদের সময়, শেষ দশকে- দুআগুলো বেশি কবুল হয়। তাই তখন নিজের পাশাপাশি সন্তানের ঈমানের জন্য, সুস্থতার জন্য, নেককার হওয়ার জন্য, কুরআনের হাফিজ বা দ্বীনের দাঈ হওয়ার জন্য আল্লাহর কাছে চাইতে থাকুন।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা কুরআনে সন্তানের জন্য দুআ করা শিখিয়ে দিয়েছেন।
১. رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا ﴿۷۴﴾
"হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।"
(সূরা: আল-ফুরকান, আয়াত:৭৪)
২. رَبِّ هَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡكَ ذُرِّیَّۃً طَیِّبَۃً ۚ اِنَّكَ سَمِیۡعُ الدُّعَآءِ ﴿۳۸﴾
হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। (সূরা: আলে ইমরান, আয়াত : ৩৮)
গর্ভাবস্থায় এ দুআগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। এছাড়া নিজের মতো আরও অনেক দুআ করতে পারেন। যেমন--
৩. হে আল্লাহ, আপনি তো আর- রযযাক, আল- ওয়াহহাব, আল- কারীম; আপনি মহান দাতা, আপনি সবকিছু দিতে পারেন। আপনি আমার সন্তানকে সুস্হতা, সুন্দর চরিত্র ও দৃঢ় ঈমান দান করুন।
৪. হে আমার রব, আমার সন্তানকে আমার ও মানুষের দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর বানিয়ে দেবেন। আমীন।
❑ অনুরোধ:
▬▬▬▬▬▬▬▬☞
হে গর্ভবতী বোন,
আপনি শুধু একজন সন্তান ধারণ করছেন না-
একটি ভবিষ্যৎ উম্মাহ লালন করছেন।
আপনার ধৈর্য একটি ইবাদত।
আপনার কষ্ট গুনাহ মোচনের মাধ্যম।
আপনার দুআ ভবিষ্যৎ বদলে দিতে পারে।
তাই রমাদানে নিজেকে ছোট ভাববেন না, মন খারাপ করবেন না।
নিজের শরীর ও মনের যত্ন ভালোভাবে নিন।
আপনি ঘরে বসেই আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় থাকতে পারেন।
রমাদানে ইবাদত কমে গেলেও হতাশ হওয়ার কিছু নেই। যদি নিয়ত ঠিক থাকে, তবে গর্ভের প্রতিটি নড়াচড়া, প্রতিটি কষ্ট, প্রতিটি দুআ- সবই সওয়াবের ধারাবাহিক আমল হয়ে যেতে পারে।
যদি একজন গর্ভবতী মনে করেন-
“আমি একজন নেক সন্তান পৃথিবীতে আনার জন্য এই কষ্ট করছি, আমি আমার রবের সন্তুষ্টির জন্য তাঁর একজন বান্দাকে লালন করছি”-
তাহলে তার এই কষ্ট ইবাদতে রূপ নেয়।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা সকল গর্ভবতী বোনদের কষ্টগুলো কবুল করে নিন। তাদেরকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন এবং সবাইকে সহজ ও নিরাপদে সন্তান প্রসব করার তাওফিক দান করুন।
আমীন🤲
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment